মুম্বই: আয়কর নোটিসের পরই নোটভর্তি ট্রলিব্যাগের ভিডিও ভাইরাল। চাপ ক্রমশই বাড়ছে সঞ্জয় শিরসাতের। শুক্রবার সিন্ধেপন্থী শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয়ের একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন শিবসেনার (উদ্ধবপন্থী) মুখপাত্র সঞ্জয় রাউত। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঘরে ধুমপান করছেন বিধায়ক সঞ্জয়। পাশেই একটি ট্রলিব্যাগ। মুখখোলা সেই ট্রলিব্যাগে কি রয়েছে, তা স্পষ্ট নয় ভিডিওতে। তবে দাবি করা হচ্ছে, ওই ব্যাগে রয়েছে প্রচুর নগদ। ভিডিও পোস্ট করে সঞ্জয় রাউত লেখেন, ‘মুখ্যমন্ত্রী ফড়নবিশের উপর করুণা হয়। কতদিন তিনি বসে বসে নিজের সুনাম ধুলোয় মিশতে দেখবেন? অসহায়তার আর এক নাম ফড়নবিশ।’ অভিযোগ অস্বীকার করে সিন্ধে শিবিরের মন্ত্রীর বক্তব্য, ব্যাগে পোশাক ছিল।
২০১৯ থেকে ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের মাঝে সম্পদ বেড়েছে। অথচ ভোটের আগে সেবিষয়ে কিছুই জানানো হয়নি। সেই অভিযোগেই আয়কর দপ্তরের নোটিস পান পশ্চিম আওরঙ্গাবাদের বিধায়ক সঞ্জয় । মহারাষ্ট্রের সামাজিক ন্যায়বিচারমন্ত্রীও তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ভাইরাল ‘নোটভর্তি’ ট্রলিব্যাগের ভিডিও। ঘটনায় শিরসাতকে কটাক্ষ করেছেন উদ্ধবপন্থী শিবসেনার নেতা আদিত্য থ্যাকারে। সমাজমাধ্যমে তিনি প্রশ্ন তুলেছেন, ‘কোথা থেকে এসেছে এত টাকা? কে দিয়েছে? কেউ এত টাকা নিয়ে কী করে ঘুরছেন? আয়কর দপ্তর কি কোনও পদক্ষেপ নেবে? মুখ্যমন্ত্রী কি হাত গুটিয়ে বসে থাকবেন?’ যদিও এবিষয়ে সিন্ধেপন্ধী শিবসেনা নেতার সাফাই, ‘এটা আমার ঘরের ছবি। আমি বাইরে থেকে ফিরেছিলাম। ওই ব্যাগে কোনও টাকা ছিল না। টাকা থাকলে কেন সেটা আলমারিতে রাখব না?’ সঞ্জয়ের অভিযোগ, ‘সামাজিকভাবে হেনস্তা করার জন্য আমার উপরে চরবৃত্তি করা হচ্ছে।’
উল্লেখ্য, আয়কর নোটিস পাওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার মন্ত্রী বলেছিলেন, ‘কয়েকজন আয়কর দপ্তরে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই নোটিস পাঠানো হয়েছে। তবে আমি কিছুটা সময় চেয়ে নিয়েছি। ভুল কিছু করিনি। লোকে ভাবে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয় না। সেটা ঠিক নয়। আমি যথাযথ উত্তর দেব।’