Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হিমঘরগুলিতে আলুর মজুত বেড়ে ৭০ লক্ষ টনের বেশি

গত বছরের তুলনায় এবার হিমঘরগুলিতে আলুর মজুত অনেকটাই বেশি।

হিমঘরগুলিতে আলুর মজুত বেড়ে ৭০ লক্ষ টনের বেশি
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছরের তুলনায় এবার হিমঘরগুলিতে আলুর মজুত অনেকটাই বেশি। কৃষি বিপণন দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ১৯ মার্চ পর্যন্ত রাজ্যের হিমঘরগুলিতে ৪৩ লক্ষ ১৪ হাজার টন আলু মজুত করা হয়েছে। গত বছর এইসময়ে আলু মজুত হয়েছিল ৩৭ লক্ষ ৭৭ হাজার টন। গত বছর রাজ্যের হিমঘরগুলিতে সব মিলিয়ে প্রায় ৬৩ লক্ষ টন আলু মজুত করা হয়েছিল। এবার তার থেকে অনেক বেশি আলু হিমঘরে থাকবে বলে দপ্তরের আধিকারিকরা মনে করছেন। আলু ব্যবসায়ীদের সংগঠনের নেতারা মনে করছেন, মোট মজুত আলুর পরিমাণ এবার ৭০ লক্ষ টন ছাড়াবে। বেশি পরিমাণে আলু মজুত থাকলে বাজারে দাম কম থাকার অনুকূল পরিস্থিতি থাকে। মে মাসে হিমঘর থেকে আলু বের হওয়ার পর খুচরো বাজারে জ্যোতি আলুর দাম কেজিতে ২৫ টাকার আশপাশে থাকা উচিত বলে জানিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায়। কৃষি বিপণন দপ্তর জানিয়েছে, রাজ্যের ৫১৫টি হিমঘরে ৮১ লক্ষ টন আলু মজুত করার ব্যবস্থা রয়েছে। এবারে রাজ্যে আলু উৎপাদন বেশি হয়েছে। তা সত্ত্বেও সব হিমঘর পুরো ভর্তি হওয়ার সুযোগ ঩নেই বলে ব্যবসায়ীরা মনে করছেন। গত বছর সাড়ে ১২ কোটি প্যাকেট (৫০ কেজির) বস্তা আলু হিমঘরে মজুত হয়েছিল এবার তা ১৪ কোটি প্যাকেটের বেশি হতে পারে। কিন্তু ১৬ কোটি প্যাকেট আলু হিমঘরে মজুত হওয়ার সুযোগ নেই। গোটা মার্চ মাস জুড়ে হিমঘরে আলু মজুত করার প্রক্রিয়া চলে। এপ্রিল মাসেও মাঠ থেকে ওঠা আলু বাজারে আসে। মে মাস থেকে হিমঘরে মজুত আলু বাজারে আসতে শুরু করে। তখন হিমঘরের ভাড়াসহ আরও কিছু খরচ যুক্ত হওয়ায় আলুর দাম বেড়ে যায়। এখন কলকাতার খুচরো বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ১৫-১৬ টাকার আশপাশে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ