সংবাদদাতা, উলুবেড়িয়া: সূর্য ডুবলেই বিকট শব্দ করে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী। রাত বাড়লে এই দাপট আরও বাড়ছে। গত কয়েক মাসে উলুবেড়িয়া শহর ও তার আশেপাশের এলাকায় এই বাইক বাহিনীর দাপটে অতিষ্ঠ সাধারণ মানুষ। বাইকের বিকট আওয়াজে মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে শিশু থেকে বয়স্কদের। অবিলম্বে বাইক বাহিনীর দাপট বন্ধে করার আবেদন জানিয়েছেন শহরের প্রবীণ নাগরিকরা।
বাইকে লাগানো হচ্ছে মডিফায়েড সাইলেন্সার। আর তাতেই বাইক চালনোর সময় বিকট শব্দে কেঁপে উঠছে উলুবেড়িয়া ও তার আশেপাশের এলাকা। সূত্রের খবর, নিছক মজা নিতেই নতুন প্রজন্মের যুবকেরা টাকার পরোয়া না করে বাইকে এই মডিফায়েড সাইলেন্সার লাগাচ্ছে। বিশেষ করে একটু রাত হলেই বিকট শব্দ করে শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে এই বাইক বাহিনী। আর শুধু উলুবেড়িয়া শহরের রাস্তায় নয়, আশেপাশের এলাকার মানুষও এই বিকট শব্দে অতিষ্ঠ।
শহরের প্রবীণ নাগরিকদের অভিযোগ, প্রায় রোজ রাতেই এই শব্দদূষণের কারণে ঘুমনো যাচ্ছে না। তাঁদের অভিযোগ, বাইকের এই বিকট শব্দে শিশুরাও ঘুমাতে পারছে না। অবিলম্বে এই শব্দদূষণ বন্ধের দাবি জানান তারা। অন্যদিকে, বর্তমান সমাজে বাইকের এই শব্দদূষণ শিশুদের মানসিক সমস্যা সহ কানে কম শোনার মতো অসুবিধা সৃষ্টি করতে পারে বলে দাবি করেন শিশু বিশেষজ্ঞ ডাঃ শান্তি গেড়। তিনি জানান, তবে শুধু শিশুরাই নয়, পাশাপাশি অসুস্থ বয়স্ক ব্যক্তিরাও এই শব্দদূষণের ফলে নানা শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। অবিলম্বে এই শব্দ দূষণ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেন তিনি।
সমাজকর্মী অজয় দাস জানান ইদানীং রাত হলে সাইলেন্সার বিহীন এবং মডিফায়েড সাইলেন্সার যুক্ত বাইক বাহিনীর দাপট বাড়ছে। বিকট শব্দে এলাকা কেঁপে উঠছে। রাতে মানুষের ঘুমের ব্যাখাত ঘটছে। বয়স্ক, অসুস্থ মানুষের কাছে রাতের বাইক বাহিনী আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বাইক বাহিনীর এই শব্দদূষণ নিয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।