Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যে নিম্ন আদালতে ওবিসি শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ

রাজ্যে নিম্ন আদালতে ওবিসি শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের ওবিসি সংক্রান্ত নির্দেশের জেরে রাজ্যের নিম্ন আদালতে ওবিসি এ ও ওবিসি বি সংক্রান্ত শূন্যপদগুলি পূরণে স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট প্রশাসন। অন্যদিকে পৃথক একটি মামলায় রাজ্যের নিম্ন আদালতগুলিতে শূন্যপদ নিয়ে উষ্মা প্রকাশ করে রাজ্যকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

Advertisement

ওবিসি নিয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশকে উপেক্ষা করে নিম্ন আদালতগুলিতে ওবিসি এ ও ওবিসি বি সংক্রান্ত শূন্যপদ পূরণে বিজ্ঞপ্তি জারি হয়। বিষয়টি ডিভিশন বেঞ্চের নজরে আনেন মামলাকারী। এরপরই হাইকোর্ট কর্তৃপক্ষকে ওই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারি করতে বলে ডিভিশন বেঞ্চ। সেইমতো এবার নিম্ন আদালতে ওবিসি এ ও ওবিসি বি সংক্রান্ত শূন্যপদগুলি পূরণে স্থগিতাদেশ জারি হয়েছে।
অন্যদিকে, একটি জামিন মামলার সূত্রে নিম্ন আদালতগুলিতে শূন্যপদ পূরণে রাজ্যকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। রফিকুল শেখ নামে মালদহের এক ব্যক্তি দু’ বছর দু’মাস জেলে রয়েছেন। তিনি জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মামলার শুনানিতে তাঁর আইনজীবী জানান, নিম্ন আদালতে বিচারক নেই, তাই শুনানি হচ্ছে না। এই বক্তব্য শোনার পরই ওই ব্যক্তির জামিন মঞ্জুর করার পাশাপাশি নির্দেশে বেঞ্চ জানায়, ‘আমরা একাধিক মামলার ক্ষেত্রে একই অবস্থা দেখছি। শূন্যপদ পূরণ না হওয়া দুর্ভাগ্যজনক। এভাবে ফৌজদারি আদালতের কার্যবিধি চলতে পারে না। শূন্যপদ পূরণে অবিলম্বে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ