নিজস্ব প্রতিনিধি, বরানগর: তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগে পানিহাটির তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে পানিহাটিতে শোরগোল পড়েছে। আইনি প্রক্রিয়ায় না গিয়ে কেন আইন নিজের হাতে তুলে নিল বিজেপি নেতৃত্ব তা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। অন্যদিকে, জমি দখল, তোলাবাজি সহ বহু অভিযোগে কামারহাটি থানার পুলিশ এক কাউন্সিলারকে গ্রেপ্তার করেছে।
পানিহাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঘনিষ্ঠ তৃণমূল নেতা দীপ সাহা দীর্ঘদিন বাইরে ছিলেন। রবিবার তিনি এলাকায় ফিরতেই বিজেপি কর্মীরা তাঁকে আটকে কান ধরে ওঠবোস করায়। এরপর কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়। ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীপ সাহা দীর্ঘদিন ধরে তোলাবাজি, জমি দখল, বিজেপি কর্মীদের উপর অত্যাচার ও এলাকায় ভয়ভীতি সৃষ্টি করত। যদিও এইসব বিষয়ে থানায় না গিয়ে কেন বিজেপি নেতা-কর্মীরা নিজেরা আইন হাতে তুলে নিচ্ছেন তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।
অন্যদিকে, কামারহাটি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মনোজ সাউ। সোমবার তাঁকে বেলঘরিয়া থানার পুলিশ তোলাবাজি, ব্যবসায়ীদের হুমকি, মোহিনী মিলের জমি দখল করে দোকানঘর বিক্রি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করেছে।