Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চন্দ্রকোণায় প্রেমিকের সঙ্গে পালানো মায়ের শ্রাদ্ধ করল চার বছরের শিশু

মা তাকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। তীব্র অভিমানে বাবার প্রস্তাবে জীবিত মায়ের শ্রাদ্ধ করল চার বছরের এক শিশু।

চন্দ্রকোণায় প্রেমিকের সঙ্গে পালানো মায়ের শ্রাদ্ধ করল চার বছরের শিশু
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: মা তাকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। তীব্র অভিমানে বাবার প্রস্তাবে জীবিত মায়ের শ্রাদ্ধ করল চার বছরের এক শিশু। বৃহস্পতিবার নিয়ম মেনে ন্যাড়া হয়ে হাসিমুখেই মায়ের শ্রাদ্ধ করে সে। শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুটির মামাবাড়ির লোকেরাও। চন্দ্রকোণা রোডের দরখোলা গ্রামের ওই ঘটনা দেখে কেউ তালি বাজিয়েছে, কেউ আবার সমালোচনার ঝড় তুলেছে। তবে শিশুটি জানায়, যে মা তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়, সেই মাকে সে চায় না। মাকে মন থেকে মুছে দিতেই বাবার প্রস্তাবে রাজি হয়ে মায়ের শ্রাদ্ধ করেছে। 

Advertisement

শিশুটির বাবা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বছর ছয়েক আগে তিনি গোয়ালতোড় থানার নাকদোনা গ্রামের বিশাল পরিবারের মেয়েকে বিয়ে করেন। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই ছিল। যুবকের পরিবারের লোকেরা জানান, মাস খানেক আগে থেকেই গৃহবধূর আচরণে পরিবর্তন লক্ষ্য করেন তাঁরা। যুবকের স্ত্রী ধীরে ধীরে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলা কমিয়ে দেন। একা একা ঘরে দরজা-জানালা বন্ধ করে সময় কাটাতে শুরু করেন। তাঁর স্বামীর কথায়, আমি স্বপ্নেও ভাবিনি আমার স্ত্রী কারও সঙ্গে প্রেম করছে। ৬ এপ্রিল এলাকায় রামনবমীর একটি শোভাযাত্রা ছিল। সেই অনুষ্ঠানে যাওয়ার কথা বলেই বাড়ি থেকে বেরিয়ে যান মহিলা। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। পরে জানা যায়, অন্য এক যুবকের সঙ্গে ওই গৃহবধূ পালিয়েছেন। বাড়ি ফিরে আসার কোনও সম্ভবনা নেই।
গৃহবধূ অন্য যুবকের সঙ্গে পালিয়েছে জেনে ঘোষ পরিবারে মাথায় বাজ পড়ে। গৃহবধূর বাপের বাড়ির লোকেরাও ঘটনাটি শুনে তাজ্জব হয়ে যান। গৃহবধূর বাবা-মা বলেই ফেললেন, আমাদের মেয়ে মারা গিয়েছে। ওই মেয়ের মুখদর্শন করব না। মেয়ের শ্রাদ্ধ করে নিজেদের মনে শান্তি ফেরাতে চাই।পলাতক গৃহবধূর স্বামী বলেন, শ্বশুরবাড়ির কথাতেই আমি স্ত্রীর শ্রাদ্ধের পরিকল্পনা করি। রীতি মেনে ছেলেকে ন্যাড়া করিয়ে স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান করি। সমস্ত রীতি মেনেই গৃহবূধর ছবির সামনে মন্ত্রপাঠ, এমনকী পিণ্ডদান পর্যন্ত করা হয়। শ্রাদ্ধের অনুষ্ঠানে যুবকের পরিবার, প্রতিবেশী ছাড়াও গৃহবূধর বাবা, মা, ভাই সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। শিশুটি মাঝেমধ্যে ফুঁপিয়ে কেঁদে উঠলেও, বাকি কেউই কান্নাকাটি করেননি। বরং তাঁরা গৃহবধূর ওপর রাগে ও অভিমানে অগ্নিশর্মা ছিলেন।
প্রতিবেশী রাজু দাস, সন্টু ঘোষ প্রমুখ জানান, এই শ্রাদ্ধ সামাজিক প্রতিবাদ। এই ঘটনা শুধুই একজন নারীর সংসার ছেড়ে চলে যাওয়া নয়, এটা একটা গোটা পরিবারের অস্তিত্বে আঘাত। এমন নারীর জন্য শ্রাদ্ধই সঠিক উত্তর। তাঁদের সংযোজন, এই ঘটনাটি নিছক একটি সম্পর্ক ভাঙার গল্প নয়। এটি সমাজের এক নির্মম প্রতিচ্ছবি, যেখানে বিশ্বাসভঙ্গ, প্রতারণা, আর নিরপরাধ সন্তানের হৃদয়ভঙ্গ জড়িয়ে রয়েছে।

সম্পর্কিত সংবাদ