Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অনলাইনে আবেদনের মাত্র সাত দিনের মধ্যে মিলবে সার্টিফিকেট

সার্টিফিকেট পেতে আর হন্যে হয়ে ঘুরতে হবে না। যেতে হবে না পঞ্চায়েতেও। ঘরে বসেই মোবাইল থেকে বিভিন্ন রকমের সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে।

অনলাইনে আবেদনের মাত্র সাত দিনের মধ্যে মিলবে সার্টিফিকেট
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুখেন্দু পাল, বর্ধমান: সার্টিফিকেট পেতে আর হন্যে হয়ে ঘুরতে হবে না। যেতে হবে না পঞ্চায়েতেও। ঘরে বসেই মোবাইল থেকে বিভিন্ন রকমের সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের জন্য বিশেষ অ্যাপ আনা হচ্ছে। সেটির মাধ্যমে স্থায়ী বাসিন্দার বা আয়ের জন্য সার্টিফিকেট পেতে আবেদন করা যাবে। ‘ক্যারেক্টার’, ‘ডিসট্যান্স’ সহ ছ’ রকমের সার্টিফিকেটের জন্য যে কেউ আবেদন করতে পারবেন। সাত দিনের মধ্যে সার্টিফিকেট ইস্যু করা যাবে। সম্প্রতি পঞ্চায়েত দপ্তর এমনই সার্কুলার দিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত দপ্তরের সমস্ত কাজ ধাপে ধাপে অনলাইনে করা যাবে। কাজ শেষ করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগে সার্টিফিকেট পেতে এলাকার বাসিন্দাদের কালাঘাম ছুটে যেত। এবার তার অবসান হতে চলেছে।

Advertisement

কয়েক দিন আগে রায়নার গোতানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, প্রতিটি পঞ্চায়েতকে স্মার্ট করা হবে। বিভিন্ন কাজ অনলাইনে হবে। এছাড়া সব গ্রাম স্বচ্ছ করা হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জোর দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করা হবে। পঞ্চায়েতের সব কাজেই পরিবর্তন আনা হচ্ছে। এক আধিকারিক বলেন, বিভিন্ন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের গেস্টহাউস, হোম স্টে রয়েছে। সেগুলিও  অনলাইনে বুকিং করা যাবে। তাতে হোম স্টের বুকিং বাড়বে। এলাকার বাসিন্দারা সবথেকে বেশি লাভবান হবেন সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে। আবেদন করার সাত দিনের মধ্যে সার্টিফিকেট না পাওয়া গেলে তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাতে পারবেন। 
এছাড়া অনেক সময় সার্টিফিকেট পেতে অনৈতিকভাবে টাকার দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। অনলাইনে আবেদন করা হলে কেউ টাকা চাইতে পারবে না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতগুলিতে অনলাইনে ট্যাক্সও দেওয়া যাবে। এখন বিভিন্ন পুরসভায় এই সুযোগ রয়েছে। সমস্ত কাজ অনলাইনে করা যায়। এবার গ্রামীণ এলাকার বাসিন্দারাও সেই সুযোগ পাবেন। 
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে অনলাইন পরিষেবা খুব শীঘ্রই চালু হবে। কাজে স্বচ্ছতা এবং গতি আসবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সার্টিফিকেট পাওয়া গেলে এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন। অনলাইনে কাজ করার জন্য বিভিন্ন ধরনের পোর্টাল আনা হচ্ছে। এখন গ্রামের অধিকাংশ পরিবারে স্মার্টফোন রয়েছে। অনলাইনে আবেদন করার জন্য বাইরে যেতে হবে না। তবে যাঁরা অনলাইনে অভ্যস্ত নন, তাঁরা বাংলা সহায়তা কেন্দ্র থেকে আবেদন করতে পারবেন। প্রতিটি জেলাতেই বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। আরেক আধিকারিক বলেন, অনলাইনে কাজ করার জন্য সরকারি কর্মীদের ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপযুক্ত পরিকাঠামোও পঞ্চায়েতগুলিতে তৈরি করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ