নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: তীব্র রোদ ও ভ্যাপসা গরমে জেরবার অবস্থা। তার উপর প্রায়শই লোডশেডিং ও লো-ভোল্টেজের জেরে তিতিবিরক্ত দুবরাজপুর ব্লকের গোহালিয়াড়া গ্রামের বাসিন্দারা। বারবার দপ্তরে জানানো সত্ত্বেও কোনও কাজ না হওয়ায় গ্রামের বাসিন্দারা একজোট হয়ে বৃহস্পতিবার দুপুরে গোহালিয়াড়া বাসস্টপ সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। সিউড়ি-বক্রেশ্বর রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। দুবরাজপুর থানার পুলিস সেখানে পৌঁছয়। প্রায় আধ ঘণ্টা পর অবরোধ উঠে যায়।
গরমের শুরু থেকেই বীরভূম জেলার নানা প্রান্তে মাঝেমধ্যেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে। জেলার সিউড়ি, রামপুরহাট সহ বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে। গোহালিয়াড়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, তিনদিন ধরে লো-ভোল্টেজ চলছে। মাঝেমধ্যেই বিদ্যুৎ থাকছে না। লো-ভোল্টেজের জেরে পাম্প চালাতে সমস্যা হচ্ছে। বিদ্যুৎ না থাকায় সকলের হাঁসফাঁস অবস্থা হচ্ছে। গ্রামের বাসিন্দা প্রিয়গোপাল সরকার বলেন, পাম্পে জল তোলা সম্ভব হচ্ছে না। অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় শিশু সহ প্রবীণদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের একাধিকবার বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েই আমরা একজোট হয়ে পথ অবরোধে শামিল হয়েছি। আর এক গ্রামবাসী বিশ্বরূপ ঘোষ বলেন, তীব্র গরমে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। বাধ্য হয়েই আমরা পথ অবরোধে শামিল হয়েছি। বিদ্যুৎদপ্তরের আধিকারিকদের দাবি, ফিউজের সমস্যা থাকায় সিঙ্গেল ফেজ হয়ে গিয়েছিল। তার জেরেই সমস্যা হচ্ছিল। বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার পরিমল সরকার বলেন, ফিউজের সমস্যা ছিল। তা মিটিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।