মুম্বই: বহুদিন হল পাকিস্তানের নাগরিকত্ব ছেড়েছেন আদনান সামি। এখন পাকাপাকিভাবে ভারতেই থাকছেন তিনি। পয়েলগাঁও হামলার পরে ভারত-পাক সম্পর্ক নতুন করে তলানিতে এসে ঠেকেছে। পাকিস্তানিদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। বলিউডে কাজ করা পাক শিল্পীদের ভবিষ্যতও প্রশ্নচিহ্নের মুখে।
এই ঘটনার পরে আদনান সামিকে খোঁচা দিয়ে দিয়েছিলেন পাকিস্তানের এক প্রাক্তন মন্ত্রী। গায়ককে কটাক্ষ করে ফাওয়াদ হুসেন নামে ওই নেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আদনান সামিকেও কি এবার ভারত থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হবে?’ আরও লেখেন, ‘মনে হচ্ছে আমাদের লোহোরের আনদান সামির বেলুন চুপসে গেছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’
পাল্টা পোস্টে প্রাক্তন ওই প্রাক্তন মন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন এই জনপ্রিয় গায়ক। বলেছেন, ‘ওই অশিক্ষিত এটাও জানেন না যে, আমার শেকড় পেশোয়ারের সঙ্গে। লাহোরের সঙ্গে নয়। প্রাক্তন(ভুয়ো) তথ্যমন্ত্রী তো দেখছি কোনও খবর রাখেন না।’ ওই পোস্টে গায়ক আরও লিখেছেন, ‘অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে কেন আমি পাকিস্তানের উপর এতো চটে আছি? সত্যি বলতে পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি আমার কোনও রাগ নেই। বরং, যাঁরা আমাকে ভালোবাসেন, আমিও তাঁদের ভালোবাসি। কিন্তু, আমার আসল রাগ পাকিস্তানের সরকারের প্রতি। যারা আমাকে ভালো করে চেনেন তারা জানেন এই সরকার আমার কী অবস্থা করেছিল।’