Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কামড়ানোর পর আস্ত সাপ ধরে নিয়েই সিউড়ি হাসপাতালে যুবক, দ্রুত চিকিৎসায় রক্ষা

কামড়ানোর পর আস্ত সাপ ধরে নিয়েই সিউড়ি হাসপাতালে যুবক, দ্রুত চিকিৎসায় রক্ষা
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: জল আনতে যাওয়ার পথে আচমকাই সাপের ছোবল। এক মুহূর্তও সময় নষ্ট না করে ওই সাপকেই কৌটাবন্দি করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছলেন পানুরিয়া গ্রামের যুবক বাপ্পা দলুই। চিকিৎসকদের জানান, এই সাপের ছোবলে তিনি জখম হয়েছেন। শনিবার দুপুরের ওই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি ওই যুবকের সঙ্গীদের সাপটিকে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সাপের ছোবলে জখম যুবকের চিকিৎসা শুরু হয়। রবিবার দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

Advertisement

যুবকের কথায়, ইউটিউবে ভিডিও দেখে সাপ ধরার কৌশল শিখেছিলেন। ওইদিন আচমকাই সাপের ছোবলে জখম হওয়ার পর তিনি সেই শিক্ষাকে কাজে লাগাতে ভুল করেননি। যদিও চিকিৎসক থেকে শুরু করে সর্প বিশেষজ্ঞদের মতে, এধরনের ঘটনায় বিপদ বাড়ার আশঙ্কা প্রবল হয়। চিকিৎসা ভুলে সাপ ধরায় মেতে উঠলে মৃত্যুও হতে পারে।
সিউড়ি-১ ব্লকের পানুরিয়া গ্রামের বাসিন্দা বাপ্পা দলুই ওইদিন স্থানীয় সাবমার্সিবল থেকে জল আনতে যাচ্ছিলেন। সেসময় আচমকাই একটি সাপের গায়ে তাঁর পা পড়ে। ঘটনায় সাপটি ওই যুবকের বাম পা পেঁচিয়ে ধরে। এরপরই ওই যুবক দ্রুত সাপটিকে পা থেকে সরানোর চেষ্টা করেন। যদিও ততক্ষণে সাপের ছোবলে যুবক জখম হন। এরপরই সাতপাঁচ না ভেবে ওই সাপটিকে ধরে কৌটাবন্দি করে ফেলেন। অবশেষে ওই সাপটিকে নিয়েই সটান হাসপাতালে পৌঁছে যান। ঘটনায় সর্প বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসকদের বক্তব্য, এধরনের কাণ্ডে পুনরায় সাপের ছোবলে জখম হওয়ার সম্ভাবনা থাকে। সেইসঙ্গে দ্রুত চিকিৎসার অভাবে শরীরে বিষ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও প্রবল হয়। 
এবিষয়ে চিকিৎসক রিজওয়ান আসিম বলেন, রোগীকে কোন সাপ কামড়েছে তা উপসর্গ দেখেই স্পষ্ট হয়। সেই হিসেবেই রোগীর চিকিৎসা করা হয়। এধরনের ঘটনায় এক মুহূর্ত সময় নষ্ট না করে রোগীকে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া দরকার। চিকিৎসকের মন্তব্যে সিলমোহর দিয়ে সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস বলেন, সাধারণ মানুষের মধ্যে এখনও অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। এই ঘটনা তার একটি উদাহরণ মাত্র। আমরা নিয়মিত এনিয়ে প্রচার চালিয়ে যাচ্ছি। তবে, সচেতনতার অভাব রয়েছে। এছাড়াও সাপ ধরে কৌটাবন্দি করা এক ধরনের অপরাধ। এক্ষেত্রে শাস্তিও হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ