অমরাবতী: রবিবার অন্ধ্রপ্রদেশের অনাকাপাল্লিতে এক বাজি কারখানায় বিস্ফোরণে আট জন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে দুই মহিলা আছেন। জখম আরও অন্তত সাত। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
অমরাবতী: রবিবার অন্ধ্রপ্রদেশের অনাকাপাল্লিতে এক বাজি কারখানায় বিস্ফোরণে আট জন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে দুই মহিলা আছেন। জখম আরও অন্তত সাত। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
খবরে প্রকাশ, এদিন দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ বাজি কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল। শুরু হয় উদ্ধারকাজ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। প্রশাসনের পদস্থ আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আহতদের চিকিৎসার প্রয়োজনীয় সমস্ত বন্দোবস্ত করার কথা বলেছেন তিনি।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভি অনিতা সংবাদমাধ্যমকে বলেন, ‘অগ্নিকাণ্ডে দুই মহিলা সহ আট জন প্রাণ হারিয়েছেন। আরও সাতজন জখম হয়েছেন।’ চিকিৎসার জন্য আহতদের বিশাখাপত্তনমে আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাজি কারখানাটি বৈধ না অবৈধ, কীভাবে বিস্ফোরণ ঘটল— এবিষয়ে এখনও কিছু জানা যায়নি বলে মন্ত্রী জানিয়েছেন। এদিকে, অনাকাপল্লি বিস্ফোরণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রিড্ডিও। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করেছেন তিনি।