গান্ধীনগর: অবৈধভাবে ভারতের জলসীমায় ঢুকে পড়েছিল। শনিবার গুজরাতের কচ্ছ উপকূলে ভারত-পাক সীমান্তের কাছে পাকিস্তানের ১৫ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করল বিএসএফ। একটি নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন কচ্ছ উপকূলের কোরি ক্রিক এলাকায় অভিযান চালায় বিএসএফ। এমন সময় একটি মাছ ধরার নৌকা নজরে আসে জওয়ানদের। তড়িঘড়ি সেটিকে ঘিরে ফেলা হয়। এরপরই মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, তারা পাকিস্তানের সিন্ধের সুজাওয়াল জেলার বাসিন্দা। বাজেয়াপ্ত নৌকা থেকে প্রায় ৬০ কেজি মাছ, ন’টি বড় জাল, খাদ্যসামগ্রী, ডিজেল, বরফ, মোবাইল ফোন ও পাকিস্তানি মুদ্রায় নগদ ২০০ টাকা উদ্ধার হয়েছে। প্রাথমিক অনুমান, মাছ ধরতে ধরতেই ভারতের জলসীমায় ঢুকে পড়েছিলেন তাঁরা।



