নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম স্তরের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ‘আনসার কি’ প্রকাশিত হয়েছে মঙ্গলবারই। বুধবার থেকে তা নির্বিঘ্নে দেখতে পাচ্ছেন প্রার্থীরা। তাতে দেখা যাচ্ছে, বিভিন্ন বিষয়ের বহু প্রশ্নেই সবাইকে নম্বর দিতে বলা হয়েছে। অর্থাৎ, সেই প্রশ্নগুলিতে যে ভুল ছিল, তা স্বীকার করে নিয়েছে কমিশন। ভূগোল এবং ইংরেজিতে এরকম বেশকিছু প্রশ্ন রয়েছে। অন্যদিকে, এদিনই উচ্চ প্রাথমিকের ১২৪১ জন প্রার্থীর কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি বেরোনোর খবর ছিল। প্রার্থীদের দাবি, এ নিয়ে বিকাশ ভবন থেকেই আশ্বাস পেয়েছিলেন তাঁরা। তবে, বিকাশ ভবনে এ নিয়ে এসএসসির সঙ্গে দীর্ঘ বৈঠকের পরও কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। প্রার্থীদের আশা, দু-একদিনের মধ্যেই জটিলতা কাটিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রসঙ্গত, শূন্যপদ ছাড়ার আগে এসএসসির কাছে কিছু ব্যাখ্যা চেয়েছিল বিকাশ ভবন। সেই বিষয়টিও এদিনের বৈঠকের একটা বড়ো অংশ ছিল।



