নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ভেস্তে গেল বাস মালিকদের বৈঠক। সোমবারের পর মঙ্গলবারেও পরিবহণ দপ্তর, কলকাতা পুলিস ও বাস মালিকদের সংগঠনের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়। কিন্তু সেই বৈঠক থেকেও কোনও সুরাহা বের হল না। অর্থাত্ ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত— এই তিনদিন বাস ধর্মঘটে অনড় রইলেন বাস মালিকরা।
সূত্রের খবর, এই ত্রিপাক্ষিক বৈঠক থেকে বাস মালিকদের দাবিগুলি নিয়ে কোনও আশাব্যঞ্জক কথা জানাতে পারেনি পুলিস ও পরিবহণ দপ্তর। সোমবার বাস, মিনিবাস ও স্কুল বাস মালিকরা কসবায় বৈঠকে বসেন। সেই বৈঠক ফলপ্রসূ না হলে ওইদিনই বিকেলে ফের বৈঠক হয়। সেখান থেকেও কোনও আশার আলো দেখতে পাননি বাস মালিকরা। ভাড়া বৃদ্ধি, পুরনো বাস অতিরিক্ত দু’বছর চালাতে দেওয়া সহ একাধিক দাবি রয়েছে বাস মালিকদের তরফে। এই অবস্থায় বাস মালিকদের সংগঠনগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন।