নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান দেশের মধ্যে অষ্টম। প্রথম স্থানে আছে দেশের রাজধানী দিল্লি। জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত পাঁচটি রাজনৈতিক দলের প্রাপ্ত অনুদান পর্যালোচনা করে দুটি সংস্থার পক্ষ থেকে সম্প্রতি একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে বিজেপি, কংগ্রেস, আপ, সিপিএম এবং ন্যাশনাল পিপলস পার্টি—এই পাঁচটি জাতীয় রাজনৈতিক দলের ২০২৩-২৪ আর্থিক বছরে প্রাপ্ত অনুদানের পর্যালোচনা করা হয়েছে। আইন অনুযায়ী, রাজনৈতিক দলগুলিকে কোনও সংস্থা বা ব্যক্তি ২০ হাজার বা তার বেশি টাকা অনুদান দিলে তার হিসেব নির্বাচন কমিশনের কাছে পেশ করতে হয়। কমিশন সেই তথ্য প্রকাশ করে। ওই তথ্য পর্যালোচনা করে বিস্তারিত রিপোর্ট যৌথভাবে প্রকাশ করেছে ন্যাশনাল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রাইট।
তাদের রিপোর্ট বলছে, পাঁচটি জাতীয় রাজনৈতিক দলের মধ্যে ২০২৩-২৪ আর্থিক বছরে প্রাপ্ত অনুদানের নিরিখে বিজেপি অনেকটাই এগিয়ে আছে। মোট প্রায় ২৫৪৪ কোটি টাকার মধ্যে শুধু বিজেপি পেয়েছে প্রায় ২২৪৪ কোটি টাকা। এরপর কংগ্রেসের প্রাপ্ত অনুদান হল প্রায় ২৮২ কোটি টাকা। রিপোর্টে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত নয়, এমন রাজ্য সহ সব রাজ্য থেকেই প্রাপ্ত অনুদানের নিরিখে বিজেপি অনেক এগিয়ে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি অনুদান পেয়েছে ৬১ কোটি ৭১ লক্ষ টাকা। সেখানে কংগ্রেস পেয়েছে ২২ কোটি ৩৫ লক্ষ টাকা। অনুদান দেওয়ার নিরিখে দেশের মধ্যে এক নম্বরে থাকা দিল্লি থেকে বিজেপি পেয়েছে প্রায় ৮২৬ কোটি টাকা। সেখানে কংগ্রেস পেয়েছে ১৬১ কোটি টাকা। অনুদানের নিরিখে দ্বিতীয় স্থানে আছে গুজরাত। ওই রাজ্য থেকে বিজেপি অনুদান পেয়েছে প্রায় ৪০২ কোটি টাকা। কংগ্রেস পেয়েছে সেখানে প্রায় আড়াই কোটি টাকা। মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক, হরিয়ানা জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে রয়েছে। জাতীয় রাজনৈতিক দলগুলিকে দেওয়া অনুদানের বেশিরভাগই কর্পোরেট সংস্থার বলে জানাচ্ছে রিপোর্ট। মোট ২২৬৩ কোটি টাকা দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি। সেখানে ব্যক্তিগত স্তরে অনুদান প্রায় ২৭০ কোটি টাকা। আঞ্চলিক দলগুলির প্রাপ্ত অনুদানের তথ্য অবশ্য এই রিপোর্টে নেই।